
শোবিজের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও চঞ্চল চৌধুরী। একজন সিনেমার অন্যজন টিভি নাটকের। দু’জনের অবস্থানই বেশ শক্তপোক্ত। এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে ‘তুফান’ সিনেমায়। শাকিব নায়ক আর চঞ্চল ছিলেন খল অভিনেতার চরিত্রে। সিনেমাটি দর্শকমহলে ম্যাজিক দেখিয়েছে।
এই জুটিকে আবার একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্ত-অনুরাগীরা। জানা গেছে, চলতি বছরে ‘তুফান ২’ সিনেমার শুটিং শুরু হবে। আর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সিক্যুয়েলটি নির্মিত হবে প্রথম পর্বের চেয়েও বেশি বাজেট ও চমক নিয়ে। পরিচালনায় থাকছেন রায়হান রাফীই।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে চঞ্চল চৌধুরী নতুন সিনেমা ‘শাস্তি’ মহরতে উপস্থিত হন। সেখানে তিনি কথা বলেন শাকিব খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে।
এক প্রশ্নের উত্তরে চঞ্চল বলেন, ‘শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স আছে। আমাদের কাজেরও কিছু দর্শক আছে। সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি যাই হোক না কেন। আমার চিন্তা ছিল, আমরা একসঙ্গে কাজ করলে সব ধরণের দর্শক পাব। সিঙ্গেল স্ক্রিনে হলভর্তি দর্শক হবে। সিনেপ্লেক্সেও পাবো।’
অভিনেতা জানান, শাকিব খানের সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি।
এদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা, অর্ক দাসসহ অনেকে।