
সৈয়দ আবুল হাসনাত (৬০), তিনি শ্রবণ প্রতিবন্ধী বা বধির। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিএনপির সমাবেশে যাচ্ছিলেন। তার সঙ্গে চট্টগ্রাম মুক-বধির সংঘের ২০০ জন যাচ্ছেন সমাবেশে। সৈয়দ আবুল হাসনাত বলেন, তারেক জিয়াকে ভালোবাসি, তাই সমাবেশে এসেছি।
গোলাম মোস্তফা (৬৫) নামের আরেক ব্যক্তি বলেন, জিয়াউর রহমানকে ভালোবাসি, বিএনপিকে পছন্দ করি, তাই সমাবেশে এসেছি।
সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক, তারেক রহমানের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন থেকে আসা নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম নামের দুই কর্মী মাথা থেকে পা পর্যন্ত পাকা ধান লাগিয়ে সমাবেশে এসেছেন। বিএনপির নির্বাচনে প্রতীক ধানের শীষের সাজে ব্যতিক্রমী এই উপস্থিতি মুহূর্তেই সমাবেশস্থলে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগের কেন্দ্রে পরিণত হয়।
সাইদুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই আমরা এভাবে নিজেদের সাজিয়েছি।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নিয়েছেন চট্টগ্রামের একটি হোটেলে। এরপর পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সমাবেশস্থলে।