
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ আলী রায়হান (বিনোদপুর) গেট জামে মসজিদ নির্মাণ শুরু হয়েছে। সোমবার দুপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
জানা গেছে, প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে চারতলাবিশিষ্ট এই মসজিদের প্রায় ২ হাজার জনের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। সেখানে পৃথক প্রবেশপথসহ প্রায় ২৫০ জন মহিলার নামাজের ব্যবস্থা থাকবে। রাকসু ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ কাজ হচ্ছে।
এতে উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এই এলাকাজুড়ে একাধিক জামে মসজিদ থাকার পরও নতুন এ মসজিদ নির্মাণে সমালোচনা করেছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, যেহেতু মসজিদ অনেকগুলো আছেই, এই অর্থ দিয়ে আবসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া জরুরি।
এ ব্যাপারে রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ বলেন, বিশেষ বরাদ্দ অনুদান হিসেবে মসজিদ নির্মাণের জন্য দেওয়া হয়েছে। সেজন্য বিনোদপুর আলী রায়হান গেট সংলগ্ন আলী রায়হান গেট মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। বরাদ্দের উদ্দেশ্য ও পরিমাণ হিসেবে এই অর্থ দিয়ে হল নির্মাণ সম্ভব নয়। তাছাড়া কয়েকটি হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি বাজেট অনুমোদন হয়েছে। আশা করি, দ্রুতই সেটারও কাজ শুরু হবে।