
রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা নিঝুমপল্লীর বাসিন্দা বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১ এর সহায়তায় রাজশাহী র্যাব এ অভিযান চালায়। শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার চারজন হলো, মো. মিলন ওরফে মিলু (৫২), মো. সুমন (১৯), কাওছার হোসেন (২৫) ও মো. মিল্টন (৩০)। এরা সবাই পবার খোলাবোনা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বাহারুলের বাড়িতে ঢুকে আসামিরা হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামিদের রাজশাহীর দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।