
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। রবিবার (৪ জানুয়ারি) রাতে বগুড়া বিএনপির নেতারা তারেক রহমানের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।
গণদোয়া শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা হবেন। পথে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ইনশাআল্লাহ বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার গর্বের সন্তান তারেক রহমান বগুড়ায় আসছেন। ওই দিন তিনি বগুড়ায় রাতযাপন করবেন এবং পরদিন সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাঁকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত তাঁকে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।