
রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী এক বছর বর্তমান কমিটি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গেজেট অনুযায়ী সংশোধিত গঠনতন্ত্রের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সভায় উপস্থিত শ্রমিক-কর্মচারীরা হাত তুলে ‘হ্যাঁ’ ভোট প্রদান করে এ সিদ্ধান্তে সম্মতি জানান।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যনাত রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুদ রানা। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রহিদুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক মুন্তাজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় চিনিকলের বিভিন্ন বিভাগ থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য, সুযোগ-সুবিধার ঘাটতি, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা, পদোন্নতি ও চাকরির নিরাপত্তা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। এজন্য শ্রমিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সভায় আয়-ব্যয়ের হিসাব উন্মুক্তভাবে উপস্থাপন করা হলে উপস্থিত শ্রমিক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন।
সভায় একপর্যায়ে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. রহিদুল ইসলাম কালু দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবকে কেন্দ্র করে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে বিভিন্ন শ্রমিক তাঁদের মতামত তুলে ধরেন। পরে সভাপতি কণ্ঠ ভোটের মাধ্যমে উপস্থিত শ্রমিক-কর্মচারীদের মতামত জানতে চান। এ সময় সকল শ্রমিক হাত তুলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছর বর্তমান কমিটিকেই বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলেন কাটাখালী থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী। তিনি জানান, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের মেয়াদ সংক্রান্ত বিষয়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর একটি গেজেট প্রকাশিত হয়েছে। ওই গেজেট অনুযায়ী শ্রমিক ইউনিয়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার বিধান যুক্ত করা হয়েছে। তবে বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর। তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সাধারণ সভায় শ্রমিক-কর্মচারীদের কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী এক বছর বর্তমান কমিটি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে।