
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময় তালাইমারিতে কর্মসূচি পালন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও স্থানীয় শিক্ষার্থীরা। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই পৃথক দুই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচি থেকে রাকসুর সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, বিপ্লবীরা যখন নিজেদের জীবন গোছাতে ব্যস্ত তখন আজাদীর স্বপ্ন নিয়ে একলা লড়েছিলেন শহীদ ওসমান হাদী।এদেশের কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে ভারত টার্গেট করে নাই। টার্গেট করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে।
রাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মাঠে নেমে আসুন। আপনারা মাঠে না আসলে আগামীর সন্তানেরা ভারতীয় আধিপত্যবাদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হবে। অর্থনৈতিক শোষণ ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে হলে হাদি হত্যার বিচার করতেই হবে।
এদিকে রুয়েটের সামনের আন্দোলনকারীরা বলেন, শহীদ ওসমান হাদি ইনসাফের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে এবং হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে দাবি করেন তারা। অথচ সরকার এখনো হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের ভাই হত্যার বিচার চাই। অন্যথায় আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব।
এ সময় বিক্ষুব্ধরা ভারত ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।