
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) প্যাকেটজাত করে বাজারজাত করা এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার দায়ে রাজশাহী মহানগরীর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি প্যাকেটজাত করে বাজারজাত করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন লঙ্ঘনের শামিল। এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদিত ও প্যাকেটজাত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বাজারে বিক্রি ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহী বিভাগে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।