
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে অংশীজনদের নিয়ে রাজশাহীতে ‘অংশীজন সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি আ গার্ল-এর সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় রাজশাহী নগরীর বোয়ালিয়া ক্লাবে এ সংলাপের আয়োজন করা হয়।
এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি) সুব্রত কুমার পালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আতিয়া তানসিমার সঞ্চালনায় এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। তিনি বলেন, “একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সবাইকে শিশু সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।” তিনি শিশুদের সব ধরনের সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখতে সুরক্ষা ব্যবস্থা জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম এবং বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মাছুমা মোস্তারি।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সমুন্নত রাখা এবং সব ধরনের বঞ্চনা ও শোষণ থেকে তাদের রক্ষায় অংশীজনদের মধ্যে আরও শক্তিশালী ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা সুলতানা, সিএমএম কোর্টের প্রবেশন অফিসার মো. তারিক এলাহী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার কৃষ্ণা দেবী, প্রেমতলী সুখবাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহনাজ আখতার, সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র মণ্ডল এবং অ্যাডভোকেট কানিজ ফাতেমাসহ অন্যান্য বক্তারা।
বাংলাদেশে শিশু যৌন শোষণ প্রতিরোধ ও শিশু অধিকার নিশ্চিত করতে সম্প্রদায় ও প্রাতিষ্ঠানিক-উভয় পর্যায়ে উদ্যোগ জোরদারের যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে সংলাপটি শেষ হয়।