
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী জেলা তথ্য অফিস।
শনিবার নগরীর উপশহরে জেলা তথ্য অফিসের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন পিআইডি রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। উদ্বোধন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন ও পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি রাজশাহী মহানগরসহ আশপাশের উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করবে।