
রাজশাহী মহানগরীতে “নট ফর সেল” ও “ফিজিশিয়ান স্যাম্পল ” ঔষধ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, মহানগরী লক্ষ্মীপুর এলাকায়, মডেল মেডিসিন মার্কেট এর দোতলা থেকে পাঁচতলা এবং মাস্টার শেফ হোটেলের নিচের তিনটি দোকানে এইসব ওষুধ বেচাকেনা হয়। সিভিল সার্জন, ড্রাগ সুপার ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের ম্যানেজ করে চলছে এই রমরমা ব্যবসা।
একাধিক সূত্রে জানা গেছে, ডাক্তারের চেম্বার থেকে প্রতিমাসে এই ওষুধগুলো নামমাত্র মূল্যে কিনে বিক্রি করা হয়। এর সাথে বিভিন্ন ওষুধ কোম্পানির অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জড়িত রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মফস্বল বা গ্রাম থেকে আসা রোগীদের কাছে কৌশলে ফার্মেসিগুলো এইসব ঔষধ বিক্রি করছে বলে জানা গেছে। এসব বিষয়ে জানতে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করা হলে, তারা বলেন বিষয়টি নিয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী জেলার ড্রাগ সুপারের কার্যালয় যোগাযোগ করা হলে, একজন কর্মকর্তা জানান, বিষয়টি আমরা শুনলাম। অভিযান টিম নিয়ে অতিসত্বর অভিযান চালানো হবে। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাজশাহী জেলা শাখার একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা জানেন না । তবে আগামীতে সমিতির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।