
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপিকর্মী। আজ বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পিটুনিতে আহত বিএনপিকর্মীর নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছে। ওই কাজের মাটি কাটার দায়িত্বে থাকা যুবদলকর্মী আজাদ আলীর কাছে আতাবুর রহমান চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয় লোকজন আতাবুরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
আজাদ আলী বলেন, কাজ শুরুর দিনই আতাবুর তার কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে ভেকু ভাঙচুরের হুমকি দেয়। তিনি দাবি করেন, ঘটনার পর থানায় গেলে আতাবুর লোকজন নিয়ে এসে থানার সামনেই তাদের মারধর করেন। পরে পুলিশ উভয়পক্ষকে মীমাংসার পরামর্শ দেয়।
এ ঘটনায় আজাদ আলী আতাবুরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও করেন।
এ বিষয়ে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আতাবুরের চাঁদা দাবির কোনো যৌক্তিকতা নেই। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর আতাবুর এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।