
রাজশাহীর বাঘায় এক কলেজ শিক্ষকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে টিপু সর্দার (৩০) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দায়েরকৃত মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত টিপু সর্দার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। একই পৌরসভার আড়ানী বাজার এলাকার কলেজ শিক্ষক শফিকুল ইসলাম মামলার বাদী।
ভুক্তভোগী কলেজ শিক্ষক শফিকুল ইসলাম জানান, আড়ানী পৌর বাজারসংলগ্ন এলাকায় তিনি একটি নতুন ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার বিকেলে টিপু সর্দার মোটরসাইকেলে করে সেখানে এসে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। কারণ জানতে চাইলে বিএনপির এক সিনিয়র নেতার নাম ভাঙিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর শুরু করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
ঘটনাকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম। সোরগোল শুনে তিনি ঘটনাস্থলে থামেন এবং ভুক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে টিপু সর্দারকে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অতীতে টিপু সর্দার চুরি ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও রাজনৈতিক ছত্রছায়ার কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। এক সময় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু সর্দার নামে কাউকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি দলের সঙ্গে জড়িত কি না সেটিও তার জানা নেই।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, টিপু সর্দারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, এলাকায় টিপু সর্দার ভালো মানুষ হিসেবে পরিচিত নন।