
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর আকড়ায় একটি দই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির পাশাপাশি একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী পল্লব দাস জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে হঠাৎ করে কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দই তৈরির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় রাখা প্রায় ৪০০ লিটার গরুর দুধসহ বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কারখানা ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেলসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্রও পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও দই উৎপাদন কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হওয়ায় মালিক পল্লব দাস চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।