October 27, 2026, 9:19 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধিত, গোপনীয়তা ভাঙলে এনআইডি ব্লক

ডেস্ক নিউজ :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গতকাল সোমবার মধ্যরাতে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়। পরে তফসিল ঘোষণার পর দেশের ভেতরের ভোটারদের জন্যও নিবন্ধন চালু করা হয়। নিবন্ধিত মোট ভোটারের মধ্যে প্রবাস থেকে আবেদন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন এবং দেশের ভেতর থেকে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।

ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় দুটি করে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই ভোটাররা তাদের নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে ব্যালটটি ফেরত পাঠাতে হবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না।

পোস্টাল ব্যালটে ভোটদানের গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে ‘দণ্ডনীয় অপরাধ’ হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য ভোটারকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা না দিলে ওই ভোট গণনায় আসবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হবে। প্রয়োজনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।’

প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২৩টি দেশ থেকে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। প্রবাসে থাকা ৬৪ জেলার বাসিন্দাদের মধ্যে কুমিল্লা জেলার সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে দেশের ভেতরে মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন এবং আনসার-ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন। এ ছাড়া কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।

সংসদীয় আসনগুলোর মধ্যে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা এই নিবন্ধনের সুযোগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা