
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেশি দামে ডিজেল তেল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত এবং পণ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নওপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার ও কীটনাশকের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এদিন নওপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
অভিযানের সময় নওপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পরে দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।