
পাবনার সদরের একটি কলাবাগান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল।
নিহত মো. হাসিবুল সরদার (১৭) ওই গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।
জহুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে তার ছেলে আর বাড়ি ফিরেনি। কীভাবে ও কেন তার মৃত্যু হয়েছে তা তারা বুঝতে পারছেন না।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, তার বন্ধুরাই তাকে হত্যার পর কলাবাগানে ফেলে রেখে গেছে।
পরিদর্শক মনিরুজ্জামান মন্ডল বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।