
নিজস্ব অর্থায়নে জীবনরক্ষাকারী বিপুল পরিমাণের ওষুধ নিয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কথা বিবেচনা করে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এ উদ্যোগ গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ওষুধ না পাওয়ার অভিযোগ তোলেন এমপি আবু সাইদ চাঁদের কাছে।
পরে তিনি পুরো হাসপাতাল পরিদর্শন করে প্রতিদিন হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাসহ সরকারিভাবে ওষুধ বরাদ্দের খোঁজখবর নেন। পরে তিনি নিজে থেকে রোগীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবতার অগ্রদূত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে নিজেই হাসপাতালে হাজির হন। হাসপাতালের পক্ষে ওষুধগুলো গ্রহণ করেন জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. লুমা বিনতে হাসান।
এসময় তিনি বলেন, ওষুধের জন্য আমার এলাকার একজন মানুষও যেন কষ্ট না পায়। কোনো মানুষ বিনা চিকিৎসায় যেন মৃত্যুর দিকে ধাবিত না হয়। এজন্য আমি আমার পক্ষ থেকে চিকিৎসা সেবায় যা যা করার প্রয়োজন, আমি সবই করবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট ও এমপি সাহেবের ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন প্রমুখ।