
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়নের উদ্যোগে আলীপুর টেকনিক্যাল কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মনজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা সেক্রেটারি মু. শামীম উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন এবং উপজেলা শুরা সদস্য অধ্যাপক জাবের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নওপাড়া ইউনিয়ন সেক্রেটারি মু. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মু. সেলিম উদ্দিন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।