
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে রাজশাহীর তানোর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশ-এর কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের তত্ত্বাবধানে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের ডা. আবু বকর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য পরিবেশ, কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ মিনিটব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় ‘বন্ধুত্ব পর্ব’, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এই পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশ বিষয়ক গম্ভীরা পরিবেশনা উপস্থাপন করা হয়। নানা-নাতির সংলাপ ও গানের মাধ্যমে প্রশ্নের উত্তর তুলে ধরায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা যায়।
একই সময়ে একদিকে উত্তরপত্র মূল্যায়ন এবং অন্যদিকে সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা চলতে থাকে। মূল্যায়ন শেষে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জনকে পরিবেশ বিষয়ক বই, সনদ ও প্রকাশনা প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে ‘পরিবেশ বন্ধু’ হিসেবে নিম ও অর্জুন গাছ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, নিয়মিত গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন।
জলবায়ু অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আমিনুল ইসলাম, রাতৈল উচ্চ বিদ্যালয়ের মোসা. নাসরিন আনজুম এবং ডা. আবু বকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিপি রানী সাহাসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অলিম্পিয়াডে সকাল থেকেই ডা. আবু বকর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক উদ্যোগে পরিণত করেছে।
ফলাফলে রাতৈল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. সালমুন খাতুন প্রথম, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার সুমাইয়া ইসলাম সারিকা দ্বিতীয় এবং ডা. আবু বকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. আয়শা তৃতীয় স্থান অধিকার করেন।