
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আশরাফুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার ( ২৮ মার্চ) উপজেলার মান্দায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম বনকুড়া গ্রামে ময়েজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে মান্দা থানা সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান, ইতোমধ্যে আশরাফুল ইসলামের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে রাজশাহী মেডিকেলে কলেজে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। তবে সংবাদটি পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।