
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেন চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে গেছে। এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন ও সামনের অংশ নিয়ে ট্রেনটি সামনে চলে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে এই বিপত্তি ঘটে। বগি রেখে ট্রেন আলাদা হওয়ার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।
সরদহ স্টেশন সূত্রে জানা যায়, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। ৭টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনের বগির কাপলিং (সংযোজক) ভেঙে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পেছনের ১১টি বগি রেললাইনে পড়ে থাকলেও ইঞ্জিন নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়। ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন নিয়ে পুনরায় পেছনের বগিগুলোর কাছে ফিরে আসেন।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামেন। ঘটনার পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আধা ঘণ্টা চেষ্টার পর পুনরায় বগিগুলো ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সরদহ রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮টা ২৫ মিনিটে আধা ঘণ্টা বিলম্বে ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। বড় কোনো দুর্ঘটনা না ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।