
রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষ দফার এই সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
ইতোমধ্যে মাঠ সজ্জা ও মঞ্চ তৈরীর কাজ সুসম্পন্ন হয়েছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বেলা ১১ টার দিকে গিয়ে দেখা যায়। জনসভা সফল করতে মঞ্চ ও মাঠ সজ্জা শেষের দিকে রয়েছে। মাঠের সামনের ভাগে বাঁশের বেড়া ও পদ্মা দিয়ে ঘিরে দুটি ভাগে নারী-পুরুষের আলাদা জায়গা করা হয়েছে। মিডিয়া কর্মীদের জন্য আলাদা মঞ্চ এবং জুলাই আহত যোদ্ধাদের জন্য পৃথক জায়গা করা হয়েছে।
মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার বলেন,প্রথমবারের মতো রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামের নারী-পুরুষের সমন্বয়ে বিশাল সমাবেশ হচ্ছে। টার্গেট লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে রাজশাহী মহানগর লোকে লোকারণ্য হয়ে উঠবে। এছাড়াও আজকের সমাবেশ ঘিরে জামায়াতের আমির দেশগঠন ও নির্বাচনের দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন। এই মাঠে তার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর অপেক্ষায় আছে। রাজশাহী-৬টি আসনের জন্য রাজশাহীর জনগণ সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা করি।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টায় নওগাঁয় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ীতে, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা ময়দানে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নেবেন।
জনসভা ঘিরে ইতোমধ্যে মাদ্রাসা মাঠে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়। সেখানে আয়োজকরা জানান, এবারের সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে। পুরো অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মন্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।