
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ভূমি অফিসের সামনে সরকারি জমি দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে একযোগে অপসারণ করা হয়েছে ১৫টি অস্থায়ী অবৈধ স্থাপনা।
আজ বুধবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভূমি অফিসের সামনের সরকারি জায়গা দখল করে নির্মিত টিন ও কাঠের অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে সরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত এসব স্থাপনা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। বিশেষ করে আমের মৌসুমে এসব স্থাপনায় আম কেনাবেচার নামে ভূমি অফিস সংলগ্ন সড়ক দখল করে রাখা হতো। এতে যানবাহন চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হতো এবং সাধারণ মানুষ ও সেবা প্রত্যাশীদের ভোগান্তি বেড়ে যেত বহুগুণ।
আমের মৌসুম শেষ হলেও সংশ্লিষ্ট দখলদাররা স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বরং সেখানে বিভিন্ন ধরনের পণ্য মজুদ রেখে সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতেই উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন,
“সরকারি জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত দায়িত্বের অংশ। কোনোভাবেই সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী। এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর হাটের ইজারাদার মোঃ জাকির হোসেন রাসেল সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতিসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উচ্ছেদ অভিযানের ফলে ভূমি অফিসের সামনের সড়ক ও সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ ও সেবা নিতে আসা মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।