
পুরোনো হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি সরকারকে অবহিত করে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (৩০ মার্চ) দুপুরে হল দুটি পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি।
এ সময় তিনি বলেন, শেরে বাংলা হল ও মন্নুজান হল ছয় দশকের বেশি সময়ের পুরাতন। ফলে হলগুলো জরাজীর্ণ ও বসবাসের জন্য প্রায় অনুপযোগী হয়ে গেছে। এছাড়া গত বছরের নভেম্বরের ভূমিকম্পের সময়ও এখানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার উত্তরণে ইতোমধ্যে রুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
তিনি জানান, হল দুটি জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি সরকারকে অবহিত করে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলেই হলগুলো ব্যবহার উপযোগী করার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
পরিদর্শনকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও হল সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।