
রাজশাহীতে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) দিবস পালিত হয়েছে। রবিবার বিকেলে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সভায় আইটেক কর্মসূচির গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাশিয়াডাঙ্গা) সীমা খানম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাশিদ ফরহাদ। এ ছাড়াও সভায় কর্মসূচির প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা আলোচনা করেন।
বক্তারা আইটেক কর্মসূচির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগের ভূমিকার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, আইটেক ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রধান সক্ষমতা বৃদ্ধি প্ল্যাটফর্ম। যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রাচীন এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় বেসামরিক এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ১৬০টিরও বেশি দেশের দুই লক্ষাধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।