
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে পুঠিয়া বানেশ্বর বাজারের ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবৈধ দোকানিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক, এবং বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি।
ওসি মোজাম্মেল হক বলেন, “বানেশ্বর বাজারে রাস্তার কাজ চলছে, ফলে রাস্তার এক লেন বন্ধ হয়ে গেছে। কিছু অবৈধ ভাসমান দোকানি রাস্তার পাশেই বসে আছেন, এছাড়া থ্রিলার গাড়িও এখানে দাঁড়িয়ে থাকে, যার ফলে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। আজকের অভিযান মূলত যানজট মুক্ত করার জন্য এবং ভবিষ্যতে এরকম অভিযান নিয়মিত চালানো হবে।”
এ অভিযানের মাধ্যমে অবৈধ দোকানগুলো সরিয়ে নেওয়া হয় এবং এলাকাবাসীকে সচেতন করা হয় যাতে ভবিষ্যতে রাস্তা অবৈধভাবে দখল না করা হয়।