
রাজশাহী জেলা শিক্ষা অফিসে ব্র্যাক পরিচালিত ‘শিখা’ প্রকল্পের আওতায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান। এতে রিসার্চ অফিসার (শিক্ষা), জেলার ৯টি উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং একাডেমিক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাকের জেলা প্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরাও অংশ নেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি ‘শিখা’ প্রকল্পটি গত বছরের ফেব্রুয়ারি থেকে রাজশাহীর ৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় জেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পাবলিক প্লেস, কর্মক্ষেত্র, গণপরিবহন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্থানীয় কমিউনিটিতে বিশেষ করে নারী ও মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
মুক্ত আলোচনায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে ও বুলিং মোকাবিলা এবং বিদ্যালয়কে নির্যাতনমুক্ত ও নিরাপদ কর্মস্থল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে শিক্ষার্থীদের চলাচলের পথে ঝুঁকি ম্যাপ প্রণয়ন এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তাঁরা উল্লেখ করেন।
‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টেকনিক্যাল কর্মকর্তা মিতা রানী সরকার, রোড সেফটির প্রতিনিধি পঙ্কজ কুমার বিশ্বাস, প্রোজেক্ট অফিসার মোতালেব হোসেন ও আফরোজা খাতুন, কমিউনিটি ভলান্টিয়ার শাকিল আহমেদ এবং ব্লাস্টের প্রতিনিধি সোমা ইসলাম।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।