
রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুরু হয়েছে।‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’র আয়োজনে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।
মেলার আয়োজকরা জানান, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এই আয়োজন। অমর একুশে উপলক্ষে ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই এই বইমেলার আয়োজন। দুই দিনব্যাপী বইমেলায় বই, কবিতা ও আড্ডার মাধ্যমে উদযাপন করা হবে। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন্ন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে। দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
বইমেলার উদ্বোধনকালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’র সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শুক্রবার রাজশাহী রাইটার্স কালেকটিভ সংগঠক ও বরেন্দ্র ইয়ূথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।