
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশাসন প্লাস্টিকের ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে। শুক্রবার দুপুরে উপজেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটার থেকে বেশি উচ্চতা, দৈর্ঘ্য বা প্রস্থের কোনো প্রতীক স্থাপন করা যাবে না। এই বিধি লঙ্ঘন হওয়ায় সংশ্লিষ্ট প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে এবং সীমার বাইরে থাকা প্রচার উপকরণ সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন। এ ধরনের অভিযান নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে চলমান থাকবে।