
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো হাসুয়া জব্দ করা হয়।
আটকরা হলেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মদ আব্দুল মমিনের ছেলে সানোয়ার (৪২) এবং কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মাবুদ আলী ওরফে বাবর (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে যৌথ বাহিনী তাদের থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। অপর দুই আরোহী রাস্তায় পড়ে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, পালিয়ে যাওয়া চালক ওয়ারেন্টভুক্ত আসামি চুয়ানী মিলন। তারা গাঁজা সেবনের কথাও স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। মোটরসাইকেল থেকে পড়ে সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।