
নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বলেছেন, বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন। তার হাতেই গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তিনি বলেন, বিএনপির নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের মধ্যে সর্বাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সর্বাধিক সম্মান ও মূল্যায়ন পাবেন। কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী পরাজিত শক্তি যদি রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মতো আবারও ব্যালটের যুদ্ধে বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম। তিনি বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া একটি দল দেশের স্বাধীনতার বিরোধী। যারা এ দেশ চায়নি, তারা কীভাবে এ দেশের রাষ্ট্রক্ষমতা চায়?
তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নজরুল ইসলাম দুদু সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, আসাদুল ইসলাম, মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশ নেন।