
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ৯২ জন প্রিজাইডিং অফিসার ও এক হাজার ১৩৪ জন পোলিং অফিসার অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।
তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটারদের আস্থা অর্জনে ভোটগ্রহণকারী কর্মকর্তাকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী আইন ও বিধি, দায়িত্ব ও কর্তব্য, ব্যালট ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আচরণবিধি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভোটগ্রহণের বাস্তব প্রস্তুতি গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্টদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং এর ফলে পবায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।