
নির্বাচনের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আজ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অ্যাকাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর জারিকৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে জন্ম তারিখ এবং জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে।
ক্যাটাগরি করার সময় জন্ম তারিখ সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরিতে এসাইন করতে হবে। এ ছাড়া খ, খ১ থেকে বাতিলকৃত আবেদনসমূহ গ১ হিসেবে ক্যাটাগরিভুক্ত করতে হবে, যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করতে হবে।