দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
এদিকে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার প্রস্তাবিত স্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
দীর্ঘ অপেক্ষা শেষে পৈতৃক ভিটা বগুড়ায় আসছেন তারেক রহমান ৷
পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের জানান, বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে পুরো জেলা এখন উৎসবমুখর। আমরা মাঠের প্রস্তুতি সম্পন্ন করছি। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সব ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন প্রমুখ।
লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। ইতোমধ্যে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গত কয়েকদিনে তিনি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিশাল জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন।
বগুড়ায় তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদরের প্রতিটি গ্রাম-মহল্লায় বইছে আনন্দের জোয়ার।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তোরণ নির্মাণ এবং ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে রাজপথ। নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় যাওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে সেটা ২৯ তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিনে রাজশাহীতে জনসভা শেষ করে সড়কপথে তিনি বগুড়ায় পৌঁছাবেন।