ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহী-৬ আসনে নিরাপত্তা জোরদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২২ দিন বাকি থাকায় রাজশাহী-৬ (চারঘাট ও বাঘা উপজেলা) আসনের ভোটকেন্দ্রগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এ আসনের মোট ১১৯টি কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চারঘাট উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক।
আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে দেখছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোকে “অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ” তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। চলতি নির্বাচন ও আগের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সাধারণ কেন্দ্র ৬৩টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৬টি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ টিম, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে দায়িত্ব দেয়া হবে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণার সময় পর্যন্ত সকল কেন্দ্রে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকবে।
পুলিশ আরও জানায়, ভোটার সংখ্যা, এলাকায় আধিপত্য, থানার দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ভিত্তিতে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের সময় নাশকতা, সহিংসতা ও জালভোট প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ বলেন, “নির্বাচনকে সুষ্ঠু করতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। জনমনে আস্থা বজায় রাখতে নিরাপত্তা কার্যক্রম দৃশ্যমান করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে আমরা সতর্ক অবস্থানে আছি। সেনাবাহিনী ও বিজিবিও দায়িত্বে রয়েছে।”