পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে কাওয়ালি রাত ও সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টা থেকে শুরু হয় কাওয়ালি। শেষ হয় সাহরির সময়। এতে সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কাওয়ালি ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সংযমের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ, রাজশাহী কলেজের সাবেক সভাপতি ইমরান হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মেহেদী হাসান, রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন।
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।