বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে রাজশাহী জেলা দলকে ৮ উইকেটে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা দল।
রাজশাহী জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। বগুড়ার বোলার উতসব ৭টি, দিহান ২টি ও সাবিদ একটি উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করে খেলায় জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বগুড়া জেলা দলের উতসব।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশীদ শাইন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা।