বগুড়া জেলার বনানী এলাকায় রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ তৈরি করার দায়ে ৩টি যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহমুদল হাসান প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন। অভিযানে জেলা পুলিশ মোবাইল কোর্টকে নিরাপত্তা ও সহযোগিতা করে।
অভিযানকালে কিছু পরিবহন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এবং যানবাহনের গায়ে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।