বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এবার দেখা মিলছে এক অভূতপূর্ব দৃশ্যের। সাধারণ কাগজের লিফলেটের বদলে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ এক ধরনের 'বনকাগজ' বা সিড-পেপার। অভিনব এই উদ্যোগের মূল চমক হলো—লিফলেটটি মাটিতে ফেললে বা রোপণ করলে সেখান থেকে জন্ম নেবে টমেটো, মরিচ কিংবা নানা জাতের শাকসবজি।বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে পরিবেশবান্ধব ও স্মরণীয় করে রাখতেই এই ‘স্মার্ট মুভ’ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাধারণত নির্বাচনের সময় হাজার হাজার টন কাগজের লিফলেট রাস্তাঘাটে পড়ে থাকে, যা পরিবেশ দূষণ বাড়ায়। কিন্তু তারেক রহমানের প্রচারণায় ব্যবহৃত এই লিফলেটগুলো তৈরি হয়েছে পুনঃপ্রক্রিয়াজাত কাগজ দিয়ে, যার ভেতরে মিশিয়ে দেওয়া হয়েছে সবজির উন্নত মানের বীজ। এটি পচনশীল এবং কোনো বর্জ্য তৈরি করে না।ভোটাররা প্রচারপত্রটি পড়ার পর মাটিতে পুঁতে দিলে কয়েকদিনের মধ্যেই চারা গজাবে। প্রচারণার পাশাপাশি প্রতিটি পরিবারকে সবজি চাষে উদ্বুদ্ধ করার এক কার্যকর মাধ্যম এটি।
বগুড়া সদরের ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। স্থানীয় এক ভোটার বলেন, "আগে লিফলেট পেয়ে আমরা ফেলে দিতাম, কিন্তু এই লিফলেট যত্ন করে রেখে দিচ্ছি। ভোট তো দেবই, সাথে বাড়ির আঙিনায় সবজি গাছও হবে।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচলিত পোস্টার-ব্যানারের রাজনীতির বাইরে গিয়ে প্রকৃতি ও মানুষের কথা ভাবা এই উদ্যোগটি আধুনিক রাজনীতির পরিচয় দেয়। তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফেরার আগে তার দলের পক্ষ থেকে এমন পরিবেশবান্ধব উপহার নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।