নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ ইটভাটাগুলোকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার গাবতলী, ভাতকুন্ডু ও চকসিতা এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান।
এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত পরিচালিত উপজেলার গাবতলীর মেসার্স দেশ ব্রিকসকে তিন লক্ষ টাকা, ভাতকুন্ডুর মেসার্স আঁখি ব্রিকসকে চার লক্ষ টাকা ও চকসিতার মেসার্স তিন ভাই ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।
নওগাঁ আনসার ব্যাটেলিয়নের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মো. আশিকুর রহমান বলেন, ‘পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।’