নওগাঁর নিয়ামতপুরে গরুর হাট থেকে ফেরার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী চৌবাড়িয়া গরুর হাট থেকে গরুভর্তি একটি ইঞ্জিনচালিত ইস্টারিং গাড়ি নিয়ে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায় এবং এতে থাকা দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খড়িকাডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহাবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ব্যক্তি একই গ্রামের আলিমুদ্দিন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
নিহত ও আহত দুজনই উপজেলার পাঁড়ইল ইউনিয়নের খড়িকাডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।