নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আ: সালাম ওরফে শামিম নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপ তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার শামিম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এগারো মাথা জয় মংগল এলাকার সাহেব আলীর ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুড়িগ্রাম থেকে একটি পিকআপে গাঁজার চালান আসছে। পুলিশ সুপারের নির্দেশে শহরের ঢাকা রোড, কীর্তিপুর বাজার ও রানীনগর এলাকায় পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যায় কীর্তিপুর বাজারে একটি পিকআপকে সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ৮টি পোটলা থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পিকআপের চালককেও গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ‘নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তার এই চোরাকারবারির সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা পুলিশ তদন্ত করছে’।