প্লেঅফ আগেই নিশ্চিত হয়েছিল, নিশ্চিত হয়েছিল সেরা দুইয়ে থাকার ব্যাপারটিও। শেষ ম্যাচে আজ চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগপর্ব শেষ করলো রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৬।
মিরপুরে চট্টগ্রামকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে লক্ষ্য তাড়া করতে নামা রাজশাহী ৩ উইকেটে জিতেছে। অল্প রানের বিপরীতে শরিফুল ইসলামের তোপে টপঅর্ডার ব্যর্থ হওয়ার পর রাজশাহীকে ম্যাচ জিতিয়েছেন আকবর আলী ও মুশফিকুর রহিম। ৪০ বলে ফিফটি থেকে ২ রান দূরে থেকে আউট হন আকবর, তখন রাজশাহী জয় থেকে ১১ রান দূরে।
আকবর আলী ফেরার পরের ওভারে রায়ান বার্ল ও তানজিম সাকিব আউট হলে কিছুটা চাপ তৈরি হয় রাজশাহীর ওপর। স্বস্তি ছিল সেট ব্যাটার মুশফিক তখনও ক্রিজে থাকায়। এরপর অবশ্য মুশফিক একটি বলই মোকাবিলা করেন। চার মেরে পরের বলে সিঙ্গেল নিয়ে জাহানদাদ খান জয় নিশ্চিত করেন। মুশফিক অপরাজিত ছিলেন ৪২ বলে ৪৬ করে।
৭ উইকেটের মধ্যে শরিফুল একা নিয়েছেন ৩টি, সেটাও মাত্র ১৩ রানের বিনিময়ে। মেহেদী হাসান নেন ২টি।
চট্টগ্রামের জন্য ম্যাচটি ছিল সেরা দুই নিশ্চিত করার। রাজশাহীর মুখোমুখি হওয়ার আগে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। আজ জিতে গেলে সেরা দুইয়ের লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্সের (৯ ম্যাচে পয়েন্ট ১০) ধরাছোঁয়ার বাইরে চলে যেত। তবে, ১৯.৫ ওভারের মধ্যে ১২৫ রানে গুটিয়ে গিয়ে চট্টগ্রাম সেই সুযোগ হাতছাড়া করে। চট্টগ্রামকে অল্প রানে বেঁধে ফেলতে বড় অবদান রাখেন তানজিম সাকিব। ডানহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।
অবশ্য চট্টগ্রামর সামনে সেরা দুইয়ে থাকার সুযোগ এখনও আছে, সে জন্য শেষ ম্যাচে আগামীকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জিততে হবে। হারলে রংপুরের চেয়ে রানরেটে এগিয়ে থাকতে হবে।