চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে চোরাচালান করে আনা ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায়নি। গতকাল সোমবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিজিবির বিশেষ টহল দল সীমান্তব্যাপী এই অভিযান চালায়।
বিজিবি জানায়, সদরের বাখের আলী বিওপির টহলদল সদরের নারায়াণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর সোনাদিয়াচর গ্রাম, সদরের জহুরপুরটেক বিওপি টহলদল সদরের সূর্যনারয়ণপুর সালাম মেম্বারপাড়া গ্রাম ও তেকোনাপাড়া গ্রাম হতে দুটি করে মোট ৬টি ভারতীয় গরু জব্দ করে।
এ ছাড়া শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্রভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রাম হতে ৪৪ বোতল মদ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দ মালামালের মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সাম্প্রতিক শীত মৌসুমে সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।