আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৌরসভার উদ্যোগে গণভোট ২০২৬ উপলক্ষে মশাল দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী পৌরসভার আয়োজনে বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বর থেকে মশাল দৌড় শুরু হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মশাল দৌড় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল। এসময় অংশগ্রহণকারীরা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
কর্মসূচিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাদাত রত্ন বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে নাগরিকদের মতামত সরাসরি প্রতিফলিত হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ধরনের উদ্যোগ জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন ও আগ্রহী করতে প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
আসন্ন গণভোটকে সামনে রেখে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকেরা।