সরকার পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। এই সরকার জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকার জুলাইয়ে যে গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটলো সেটির পক্ষেই বলবে, এটিই তার কাজ। সেই অর্থে এটি পক্ষপাতহীন না, পক্ষপাতমূলক, সেজন্য হ্যাঁ বলছি। কিন্তু হ্যাঁ ভোটটা মানুষের বৃহত্তর স্বার্থে। যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি, এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে। যেন এই দেশে গণতন্ত্র বহাল থাকে। যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলোর অবসান হয়, বৈষম্যগুলো কমে আসে।’
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার মনে করে, যে প্রস্তাবগুলো রেখে গণভোট দেয়া হয়েছে, জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, তাহলে একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারাই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই বিবেচনা থেকেই এই গণভোটের আয়োজন এবং আমরা হ্যাঁ ভোট দেয়ার জন্য বলছি।’
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমাদের এই আয়োজন। তাই সরকারের পক্ষে থেকে গণভোটে সবার অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে।’
তিনি বলেন, ‘হ্যাঁ ভোটে আমাদের দেশটাকে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারব। সরকারের পক্ষ থেকে এটিই আমাদের আহ্বান।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আপনি যদি কোনো দলের পক্ষে কাজ করেন, তাহলে আপনার নৈতিক শক্তির অবক্ষয় ঘটবে এবং মানুষের চোখেও ছোট হয়ে যাবেন। সর্বোপরি, ভালোভাবে ভোট পরিচালনা করতে পারবেন না।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জানিয়ে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না৷ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হয় সেটাও দেখতে হবে। তাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
সভায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সরকারি দফতরের কর্মকর্তারা।