ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপ এলাকা থেকে দুটি জাহাজ জব্দ করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাহাজ জব্দের কথা নিশ্চিত করেছে আইআরজিসি। খবর ইরান ইন্টারন্যাশনালের।
ওই বিবৃতির বরাতে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।
আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।