আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতা লতিফুর রহমানকে সতর্ক করেছে দল। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরুর পর দলটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে তাকে সতর্ক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইট ও জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
দলটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব বলেন, আওয়ামী লীগকে উদ্ধৃত করে লতিফুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামী একমত নয়।
গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায়দায়িত্ব নেবেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশা আল্লাহ।’ জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’
আরেকটি ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা, আমরা দায়িত্ব নেব।’
এ নিয়ে বিতর্কের মুখে জামায়াত নেতা লতিফুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহবান জানিয়েছি। ইসলামের পথে আসার আহবান জানিয়েছি।’